কেরালা: ভারত মাতার ছবি থাকায় রাজভবনের অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন শিক্ষামন্ত্রী, ক্ষুব্ধ রাজ্যপাল



Updated: 20 June, 2025 4:46 am IST

রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত মাতার ছবি ও গেরুয়া পতাকা থাকায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে গেলেন কেরালার শিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোর শুরু হয়েছে কেরালায়। রাজ্যপালের দাবি, রাজভবনের অনুষ্ঠান থেকে মন্ত্রীর এইভাবে বেরিয়ে যাওয়া রাজ্যপালের অপমান।

গতকাল ১৯শে জুন, বৃহস্পতিবার কেরালার রাজভবনে কেরালা স্টেট ভারত স্কাউটস ও গাইডস- এর রাজ্য স্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন হয়েছিল কেরালার রাজভবনে। রাজ্যপাল নিজেই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেরালার শিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি। 

অনুষ্ঠান ঠিকঠাকই চলছিল। কিন্তু সমস্যা শুরু হয় শিক্ষামন্ত্রী সিভানকুট্টি বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরই। তিনি মঞ্চে উঠেই ভারত মাতার ছবি দেখে ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ জানিয়ে মঞ্চ থেকে নেমে যান। তারপর সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনার পরই রাজভবনের তরফ বিবৃতি জারি করে জানানো হয় যে এইভাবে বেরিয়ে যাওয়া নিয়মের পরিপন্থী এবং রাজ্যপালের অফিসের অপমান। 

রাজভবন-এর তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়, “এইভাবে জনগণের সম্মুখে দুর্ব্যবহার করে রাজভবন থেকে বেরিয়ে যাওয়া রাজ্যপালের অপমান। রাজ্যপাল থাকা সত্বেও না জানিয়ে বেরিয়ে যাওয়া রাজ্যপাল পদের চূড়ান্ত অসম্মান।”

পরে সিভানকুট্টি সাংবাদিকদের জানান, “রাজভবন রাজ্যপালের ব্যক্তিগত সম্পত্তি নয়। রাজভবনকে এআরএসএস- এর অফিসে রূপান্তরিত করা যায় না। আমি দেখলাম যে রাজ্যপাল ওই ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই অনুষ্ঠান সূচীতে তা লেখা ছিল না। আমি বক্তব্য দিতে গিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং মঞ্চ থেকে নেমে চলে এসেছি।”

তবে ভারত মাতার ছবি নিয়ে কেরালার সিপিআই(এম) নেতাদের আপত্তি এই প্রথম নয়। এর আগে গত ৫ই জুন, ২০২৫ তারিখে রাজভবনে আয়োজিত এক সভায় ভারত মাতার ছবি দেখে ক্ষুব্ধ হন কেরালার কৃষিমন্ত্রী পি প্রসাদ। তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য না রেখেই বেরিয়ে যান।